রামেশ্বর মন্দিরে কাছে।
জঙ্গল যাপন বিশেষ ভ্রমণ

জঙ্গলবাসের খোঁজে— মন্দির নদী হাটে

দীপক দাস

সকালেই নাকি দু’টো হাতি তাদের ছানাপোনা নিয়ে এলাকা পার করেছে। গিয়েছে আমাদের অতিথিশালার কাছ দিয়ে। শুনে একটু উচ্ছ্বাস উথলে পড়ছিল একজনের। জল ছিটিয়ে উথলানোটা কম করা গিয়েছিল। তবে খুশি আমারও হচ্ছিল। জঙ্গলে থাকা হবে বলে এলাকাটা সপ্তমীর সকাল আর বেলা জুড়ে প্রায় একটা চক্কর দিয়েছি। সাধ পূরণ হয়েছে। ঘরের পাশ দিয়ে হাতি গিয়েছে ভাবলেই রোমাঞ্চ। হাতি দেখার রোমাঞ্চ নেওয়ার সাধ নেই। তারা তাদের মতো থাক।

থাকা খাওয়া ভাল হলেও গাড়ি এই সফরে বেশ ভোগাচ্ছে। আসার সময়ে গাড়ি তো প্রায় মিলছিলই না। বিকেলে একটু চক্কর দেব টোটো আর জোগাড় হয় না। সুধাংশুবাবু জানালেন, সবই ভাড়ায় বেরিয়ে গিয়েছে। হতে পারে। এলাকার অতিথিশালাগুলোয় লোকজন আছে দেখলাম। আমরা রামেশ্বর মন্দিরের দিকে চলে গেলাম। সুধাংশুবাবু টোটোর জন্য চেষ্টা করতে লাগলেন। পেলে ফোন করে দেবেন।

দেউলবাড়, নয়াগ্রাম।
রামেশ্বর মন্দির।

অতিথিশালা থেকে কয়েক কদম হাঁটলেই রামেশ্বর মন্দির। জায়গার নাম এখন মন্দিরের নামেই পরিচিত। কিন্তু এই জায়গার আসল নাম দেউলবাড়। বোঝাই যায় এই দেবালয় তথা দেউলের জন্যই জায়গাটি নাম পেয়েছে। সুবর্ণরেখার তীরে অতি সুপ্রাচীন মন্দিরটি বেশ খ্যাতিমান। বিভিন্ন সময়ে প্রবল ভিড় হয়। এখন ফাঁকা। মন্দিরের অতিথিশালাও বন্ধ। দুর্গাপুজোর সময়ে বন্ধই থাকে শুনলাম। মন্দিরে দিন রাত সিভিক কর্মীর প্রহরার ব্যবস্থা রয়েছে। পালা করে ‘ডিউটি’ দেন। সেদিনও দিচ্ছিলেন। কথা হল অল্পস্বল্প।

দেউলবাড়, নয়াগ্রাম।
ডান দিকে মাকড়া পাথরের থামগুলো। নীচে পাথরের ষাঁড়।

মন্দিরটি একটু নিচুতে। খানিক ধাপ নামতে হয়। গঠনরীতিতে ওড়িয়া শৈলীর ছাপ স্পষ্ট। রেখমন্দিরের আদল। মাকড়া পাথরের তৈরি মন্দির। তবে মন্দিরটি সংস্কার করা হয়েছে কয়েক বছরের মধ্যে। সেটা দেখলে বোঝা যায়। তাতে রঙের পরিবর্তন হয়েছে। তবে গঠনরীতিতে বদল আসেনি। মন্দিরের চারপাশে বেশ কিছু থাম রয়েছে। সেগুলোও মাকড়া বা ঝামা পাথরে তৈরি। কেন যে এই থাম তা জানতে পারিনি। মন্দিরটার কাছে পৌঁছতে গেলে কয়েকটি ধাপ বেয়ে নামতে হয়। ওই ধাপগুলোও মাকড়া পাথরের তৈরি। মন্দিরের আদলে বদল না হলেও চারপাশে কিছু বদল হয়ে থাকতে পারে।

আরও একটা বিষয় দেখলাম। মন্দিরের চারপাশে অনেক ষাঁড়ের মূর্তি। এক জায়গায় অনেক ছোট ছোট ষাঁড় জমা করে আছে। অনেকটা বিভিন্ন থানে মাটির ঘোড়া দেওয়ার মতো। দীপু আর ইন্দ্রের সঙ্গে কথা হচ্ছিল ষাঁড়ের বাহুল্য নিয়ে। প্রাথমিক জ্ঞানের সূত্রে নন্দী মহারাজ বলে খানিক বড়াই করেছিলাম। কিন্তু মন্দিরের একপাশে গিয়ে দেখি, একটা বিজ্ঞপ্তি। তাতে লেখা, মন্দির চত্বরে কোনও ষাঁড় উৎসর্গ করা যাবে না। অর্থাৎ ভক্তরা উৎসর্গের নামে মন্দির চত্বরে ষাঁড় ছেড়ে দিয়ে যেতেন। এখন তার বদলে মাটির বা সিমেন্টের ষাঁড়ের ছলন উৎসর্গ করা হয়।

দেউলবাড়, নয়াগ্রাম।
দুয়ারসিনির থান।

প্রাচীন মন্দির নিয়ে অনেক জনশ্রুতি, বিশ্বাসের জন্ম হয়। এই মন্দির ঘিরেও রয়েছে। কারও মত, মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের সমসাময়িক। কেউ কেউ দাবি করেন, বনবাসকালে সীতার শিবচতুর্দশীর ব্রত পালনে দেবশিল্পী বিশ্বকর্মা মন্দিরটি তৈরি করেছিলেন। বিশ্বাস যাই হোক না কেন মন্দিরটি বেশ প্রাচীন তা নিয়ে সন্দেহ নেই। আমার একটা বিষয়ই মনে হচ্ছিল, এখন জায়গাটি জঙ্গলের ভিতরে। কেন জঙ্গলে মন্দির করা হল? আর সুবর্ণরেখা নদী এখন মন্দির থেকে খানিক দূরে। আগেও কি তেমন ছিল? উত্তর খুঁজতে হবে।

মন্দির দেখা শেষ। এবার নদী। কিন্তু বাহনের ব্যবস্থা তখনও হয়নি। আমরা হেঁটেই নদীর পথ ধরেছিলাম। সেই সময়েই ইন্দ্রর ফোন বাজল। সুধাংশুবাবু। জানালেন একটা টোটোর ব্যবস্থা হয়েছে। আমাদের অবস্থান বলে দিচ্ছেন চালককে। কিছুক্ষণের মধ্যেই টোটো চলে এল। আমরা বুঝিয়ে বললাম কী কী দেখতে চাই। বুঝে নিলেন চালকদাদা। আমাদের প্রথম গন্তব্য হল সুবর্ণরেখা।

দেউলবাড়, নয়াগ্রাম।
প্রথম দেখায় সুবর্ণরেখার হাল।

নদীর পথে যেতে যেতে রাস্তার পাশে চোখ গেল। বাঁশগাছের জঙ্গলের সামনে পরিষ্কার করা একটা জায়গা। সেখানে বড় বড় দু’টি হাতি দাঁড়িয়ে। সত্যিকারের নয়। রামেশ্বর মন্দিরের ষাঁড়ের মতোই। টোটোদাদা বললেন, এটি দুয়ারসিনির থান। টোটো থামিয়ে কাছে গেলাম। জঙ্গলমহলের বিভিন্ন জেলায় নানা থান রয়েছে। আমরা আগেও দুয়ারসিনির সঙ্গে পরিচিত হয়েছি। দেখা হয়েছিল পুরুলিয়ায়। সেই জায়গার নামই দুয়ারসিনি। এই সব থানগুলো বাংলার সমন্বয়ের লোক ও ধর্ম-সংস্কৃতির প্রতীক। থানে কোনও মূর্তি থাকে না। এখানে দেখলাম কিছু অবয়ব রয়েছে। অনেক ছোট ছোট হাতি দেওয়া রয়েছে থানে। নিয়মিত পুজো হয়। বলিও হয়। টাটকা রক্ত পড়ে আছে দেখলাম।

টোটো গিয়ে থামল সুবর্ণরেখার তীরে। কিন্তু নদী দেখে মনটা ভারী দমে গেল। এই সেই সুন্দরী সুবর্ণরেখা! জলহীন, বালির বলিরেখায় ভরা এক বৃদ্ধা নদী। জায়গায় জায়গায় শরবন গজিয়ে উঠেছে। ঘাটের কাছে একটা নৌকা। বালির মাঝে আটকে পড়া। বর্ষায় জল বাড়লে আবার ভাসার অপেক্ষায়। আমরা নেমে গেলাম নদীর বুকে। আসলে বালির চরার। ঘুরতে ঘুরতে ধাতস্থ হলাম। প্রাথমিক দর্শনের ধাক্কা সামলে নিল মন। ধীরে ধীরে জায়গাটির ঊষর রূপেই ভাললাগা জন্মাতে লাগল। উজানে বা নীচে যে দিকে তাকানো যাক বালির সমুদ্র। মাঝে মাঝে ডোবার মতো জল জমে রয়েছে। শরবনের সবুজ বালির রংহীনতাকে অন্য রূপ দিয়েছে। ইন্দ্র একমুঠো বালি নিয়ে দীপুকে ছবি তোলার জন্য ঘ্যানঘ্যান করতে লাগল। ও উপর দিকে বালি ওড়াবে। দীপু ছবি তুলবে। ইন্দ্র কোনও কিছু ধরলে ছাড়তে চায় না। ছবি তুলিয়েই ছাড়ল। তার মানে নদীর বদলে যাওয়া রূপও অন্যরকম ভাবে ধরা পড়েছে ওর কাছে।

দেউলবাড়, নয়াগ্রাম।
বালির রেখাপথে বাইক নিয়ে যাওয়ার চেষ্টা।

চরায় ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখছিলাম। মাঝে মাঝেই একটা দু’টো বাইক চরায় বালির উপর দিয়ে প্রবল চেষ্টায় পাড়ি দিচ্ছে। একটা আঁকাবাঁকা রেখা পড়েছে বালির উপরে। যেমন ধান কেটে নেওয়ার পরে চলতে চলতে মাঠে পথের রেখা তৈরি হয়। বালির সেই রেখা ধরেই বাইকগুলো যাচ্ছিল। হেঁটেও যাচ্ছেন কেউ কেউ। আমরা ছবি আর ভিডিও তুলে চলে আসছিলাম। হঠাৎ মনে হল, লোক আর বাইক যাচ্ছে কোথায়? একজন বালিচারীকে জিজ্ঞাসা করতে তিনি জানালেন, চর পেরলোই নদী ঘাট রয়েছে। তাই নাকি! চলোওও করে আমাদেরও বালিচারী হওয়া।

বালির প্রান্তর পার হওয়ার পরে কিছুটা শক্ত ডাঙা। তাতে ঝোপঝাড়ও হয়েছে। সবই নদীর বুকে। বর্ষায় জলে ভরে যায় সবই। সেই ডাঙা পার করে নদীর প্রান্তে পৌঁছনো গেল। এখানে আবার নদীতে জল রয়েছে। গভীরতা কম হলেও বেশ খানিকটা জলসীমা। ওই দূরে খেয়াঘাট। কিন্তু ঘাটে পৌঁছতে গেলেও আবার বালির চরের বাধা। দূর থেকে দেখছিলাম ছোট হয়ে যাওয়া বাইক একজন চালাচ্ছেন, আরেকজন ঠেলছেন। বালিতে চাকা হড়কায় তো! আরেকটা জিনিস দেখলাম, নৌকায় উঠতে গেলে কিছুটা পথ জলের উপর দিয়েই যেতে হচ্ছে। সে পথ বাঁশের সাঁকো মতো। তা দিয়েই মানুষ, বাইক নৌকায় উঠছে। ওপারের ঘাটে কয়েক জন বসে আছেন দেখলাম। তাঁরা এ পারে আসবেন। নদীমাতৃক সভ্যতা। কিন্তু মরা নদী এখন যেন বাধা।

দেউলবাড়, নয়াগ্রাম।
দূরে ঘাট। চরে বাইকের ঠেলা। বাঁশের সাঁকো আর নৌকা।

সুবর্ণরেখাকে বিদায় জানিয়ে আবার টোটোয় উঠলাম। এ বার হাটে। দুপুরে এলাকায় আসার সময়েই টেম্পোর সহযাত্রিনী বধূর মুখে শুনেছিলাম উপর পাতিনা গ্রামে হাটের কথা। তখন সাঁঝের আলো ঝুঁঝকো হয়েছে। হাড়মড়মড়ি রাস্তা পেরিয়ে হাটে যখন পৌঁছলাম তখন অন্ধকার আরেকটু ঘন হয়েছে। হাটও ভাঙছে। এত দ্রুত ভাঙার একটা কারণ বোঝা গেল। হাটে কোনও আলোর ব্যবস্থা নেই। হাটের কাছে একটা মন্দিরে আলো আছে। রাস্তায় আলো। সেখানকার ছিটকে পড়া আলোতে অন্ধকার কিছুটা কেটেছে। যেখানে আলো পৌঁছচ্ছে না সেখানে টর্চ জ্বেলে কেনাবেচা চলছে। মূলত চাষিদের হাট। আনাজপাতি বেশি মেলে। কাঁচা মশলাও। মূল হাটটা রাস্তার নীচে। রাস্তার পাশেও কিছু পসরা রয়েছে। কী আছে দেখতে গেলাম। মাছ নিয়ে বসেছিলেন কয়েকজন। তবে এখন গুটিয়ে নিয়েছেন। কিন্তু অন্ধকারের মধ্যেও টর্চ জ্বেলে চলছে হাঁড়িয়া বিক্রি। ভিড় রয়েছে সেখানে। আমরা ফিরতে শুরু করলাম।

উপর পাতিনা, নয়াগ্রাম।
উপর পাতিনার হাট।

পরের গন্তব্য নিচুপাতিনা। ঘুরতে বেরোলে এলাকার পুজোগুলোয় একটু ঢুঁ দেওয়ার চেষ্টা করি। ছোট ছোট আয়োজনের পুজোগুলো বেশ লাগে। পুজো ঘিরে কয়েকদিনের জন্য কী সুন্দর একটা আনন্দ বলয় তৈরি হয়। নিচুপাতিনার পুজোও আসার সময়ে টেম্পো সহযাত্রিনীর দেওয়া তথ্য। আলো ছিল রাস্তায়। পাকা দুর্গাদালানে পুজো হচ্ছে। মানে কিছুটা পুরনো পুজো। লোকজন কম। দু’চারটে বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। দু’টো একদম কচি। তারা বড়দের কোলে। পুরোহিত দু’জন পুজোর জোগাড়ে ব্যস্ত। চপ, ঘুগনি, মোগলাইয়ের দোকান রয়েছে। একজন ফুচকাওয়ালাকেও দেখলাম। খাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু তিনি তখনও গুছোচ্ছেন।

ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখলাম। দুর্গাদালানের পাশে একটা মণ্ডপের বাঁশের খুঁটিতে সিসি ক্যামেরা বাঁধা। এখানেও কি সেই ‘এই কে বাঁশে উঠেছিস রে!’ চিৎকার না করতে হয় তার জন্য নজরদারি? আরেকটি জিনিস চোখে পড়ল। একটা পোস্টার লক্ষ্মীপুজোর দিন জলসা হবে। কারা আসবেন তার ঘোষণায়। লক্ষণীয় হল, সে পোস্টারে কিন্তু টেলিভিশন বা সিনে তারকা বা জলসার জন্য খ্যাতিমানদের নাম নেই। রয়েছে ইউটিউব আর রিলস খ্যাতদের নাম। একটি নাম দেখলাম অমুক বৌদি। মানে ওই নামে তিনি ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছেন। তারকার ধারণায় বেশ একটা বদল আসছে। নতুন অনিবার্য। গ্রহণযোগ্য হলে টিকে যায় ঠিকই। গ্রহণ বর্জনের বিষয়টি জনগণ বোঝেন নিশ্চয়।

নিচু পাতিনা, নয়াগ্রাম।
নিচু পাতিনার দুর্গাপুজো। মণ্ডপের বাঁশে সিসি ক্যামেরা।

বেশ অন্ধকার হয়ে গিয়েছে। আর জঙ্গলের রাস্তায় ঘোরাফেরা ঠিক নয়। যদিও এই এলাকায় এখন হাতি নেই বলেই খবর। আমাদেরও আর কোথাও যাওয়ার নেই। অতিথিশালায় ফিরলাম। কিন্তু এত তাড়তাড়ি ঘরে ফিরব? মন্দিরের আগে একটা চায়ের দোকান রয়েছে। দীপুর আবার চায়ের নেশা মারাত্মক। সময়ে সময়ে শরীরে ক্যাফিন না ঢুকলে নাকি ওর স্নায়ু দৌর্বল্য দেখা যায়। গেলাম তিন জনে।

দোকানদারের নাম রতিকান্ত দেহুরি। তিনি ও তাঁর স্ত্রী দোকান চালান। চা খেতে খেতে বিস্তর গল্প হল দু’জনের সঙ্গে। জঙ্গলের জীবন, সংসারের জীবন। এলাকার কথা। খানিক রাজনীতি। কথা বলতে ভালবাসেন দু’জনেই। আরও খানিক থাকার ইচ্ছে ছিল। নতুন জায়গার জীবনের স্বাদ পেতে। কিন্তু নিচু পাতিনা থেকে ফেরার সময়েই সুধাংশুবাবু খবর দিয়েছেন, রাতে রুটি আর দেশি মুরগির ঝোল হচ্ছে। ফোন পেয়েই মুখটা ওর উদ্ভাসিত হয়ে উঠেছিল। আর অপেক্ষা করতে চাইল না।

দেশি মুরগির ঝোলের টান ওকে কাবু করে ফেলেছে। অতিথিশালার দিকে ফিরতে লাগলাম তিন জনে।

ছবি— দীপশেখর দাস ও ইন্দ্রজিৎ সাউ

(সমাপ্ত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *