সৌগত পাল

ঝালমুড়ি উঠছে না কেন? অন্য খাবারও যে উঠছে না! অন্যদিন তো ঝালমুড়ি, বাদাম, ডালভাজা, পাঁপড় ইত্যাদির চলন্ত মেলা থাকে! উত্তরপাড়ায় একজন এলেন বটে। কিন্তু মুখরোচক নয়। মুসাম্বি নিয়ে।
অবশেষে তিনি এলেন শ্রীরামপুরে। দীপকদা কিছুটা আদেশের সুরেই বলল, ‘‘এ দিকে আসুন।’’ কিন্তু তিনি আগে উল্টোদিকের ক্রেতাদের কাছ থেকে ঘুরে আমাদের কাছে এলেন। দীপকদা খানিক অনুযোগের সুরে বলল, ‘‘বেশি খদ্দেরদের অবহেলা করলেন তো!’’ চটপট চারটে ঝালমুড়ি চারজনের হাতে ধরিয়ে বিক্রেতা শেওড়াফুলি নেমে গেলেন।
আমার সফর শুরু হয়েছে হাওড়া থেকে। মঙ্গলবার সকাল ১০:০৫ এর বর্ধমান মেন লাইন লোকাল। পরিকল্পনা ছিল আরও সকালের ট্রেন ধরা। কিন্তু মিস্টার ঘাসপুস ডক্টর ঘাসপুস হওয়ার পর দলের সকলে ওঁকে সমীহ করে চলছে। সোমবার রাতে আদেশ হয়েছিল, মঙ্গলবার সকালে ৯টার মধ্যে স্টেশনে পৌঁছাতে হবে। কিন্তু সকালে নতুন ফরমান জারি হয়, ৯টায় বাড়ি থেকে বেরোতে হবে। কারণ? আর কিছুই নয়। ঘাসপুস মানে আমাদের দীপুবাবুর রাতে চা খেতে দেরি হয়েছে তাই। ওকে এখন ক্যাফিনে ধরেছে। রাতবিরেত নিশির ডাকের মতো ক্যাফিন ডাকে। বাইক নিয়ে চা খেতে বেরোয়।

চায়ের চোটে বালি স্টেশনে তিন মাথার এসে পৌঁছতেও দেরি হল। ওরা বালি থেকে উঠবে। আমি হাওড়া থেকে আসব, এমনই ছিল পরিকল্পনা। সে দিন বর্ধমান লোকাল দিতেও দেরি করেছিল। হাওড়া থেকে ট্রেন ছাড়তে জানিয়ে দিলাম, কোন কামরায় রয়েছি।
বালি স্টেশনে তিন মাথা উঠল। মানে দীপকদা, ইন্দ্রদা আর দীপু। শুরু হল আড্ডা। সবার পেটেই ছুঁচো দৌড় দিচ্ছে। তাই আড্ডা ঠিক জমেও জমছে না। অবশেষে শ্রীরামপুরে ঝালমুড়ি ওঠার পর ধাতস্থ হওয়া গেল। ব্যান্ডেল পার হতে আরও চনমনে হয়ে উঠলাম। তখন ট্রেনের কামরা মোটামুটি চলমান মেলা হয়ে উঠেছে। বাদাম, ডালমুট, চাকতি ঝুরিভাজা…। আমাদের হাতে তিনটেরই প্যাকেট।
এ বার আমাদের গন্তব্য কোথায় বলা যাক। বর্ধমান মেন লাইনে একটা ছোট্ট স্টেশন নিমো। বর্ধমান যেতে মেমারির ঠিক পরের স্টেশন। এ পথে যাতায়াত আছে। অদ্ভুত নামের কারণে স্টেশনটা আমার মনে ধরেছিল। নিমো নামটা ভাবলে চোখের সামনে ভেসে ওঠে একটা জাহাজ, নটিলাস আর তার ক্যাপ্টেন নিমো। অজানার সন্ধানে পাড়ি দিয়েছেন সমুদ্রের গভীরে ২০ হাজার মাইল। অথবা ছোট্ট একটা মাছ। যে হারিয়ে গিয়েছে। যাকে খোঁজার গল্প নিয়ে গোটা একটা সিনেমা ‘ফাইন্ডিং নিমো’।

আমরাও নতুন কিছু পাওয়ার আশায় বেরিয়েছি। প্রস্তাবটা আমারই ছিল। একদিন ফাইন্ডিং নিমো হোক না! দল বেঁধে তো অনেক দিন বেরনো হয়নি। দীপকদা রাজি হয়েছিল। ও বলল, নিমো নামটা চেনে। একজন নাকি নিমো নিয়ে অনলাইনে লেখালেখিও করেছেন। তা নিয়ে সম্ভবত একটা বইও আছে।
প্রায় ১২টা নাগাদ আমরা নামলাম নিমো স্টেশনে। ছোট্ট ছিমছাম স্টেশন। স্টেশনটার পরিকল্পনা ভারী অদ্ভুত। প্ল্যাটফর্মগুলো চিলতে খানিক। আপ প্ল্যাটফর্মের পেটের কাছ বরাবর আরেকটা প্ল্যাটফর্ম। সেও চিলতে। খানিক তফাতে ডাউন প্ল্যাটফর্ম। মনে হয়, জায়গা মেলেনি বলে এক প্ল্যাটফর্মের পেটের কাছ থেকে আরেকটি গেঁথে দেওয়া হয়েছে।

স্টেশনের পরিবেশ ভারী ভাল। আমরা দু’নম্বরে নেমেছিলাম বোধহয়। পাশেই চাষের জমি। সবুজ ধানের চারা জমি জুড়ে। ধান জমির শেষে বা গায়ে নিমো গ্রাম। প্ল্যাটফর্মের গায়ের জমিতে ধানের চারার সারিগুলো একটু অন্যরকম ছিল। কেমন যেন আঁকাবাঁকা আর মোটা মোটা সারি। দুই সারির মাঝে অনেকটা ফাঁক। সচরাচর দেখা যায় না। কেন এমন? তা নিয়ে চার মাথা খানিক ঘামল। একজনের দাবি, মাঝে চলার সুবিধেয় সারিতে ফাঁক বেশি। কিন্তু এত চলার সুবিধে করলে তো ধান কম হবে! আরেকজনের মত, অন্য ধানের বীজ। এ রকম করেই হয়তো চাষ করতে হয়। এমন কত কী যে বেরলো। কিন্তু কে শের আর কে-ই বা সওয়া শের সে সিদ্ধান্তে আসা গেল না।
জমি ছেড়ে স্টেশনে অপেক্ষা করা স্থানীয় লোকজনের থেকে একটু জায়গাটা নিয়ে খোঁজখবর করে নিচ্ছিলাম। লোকজন অবাক হচ্ছিলেন। এখানে এমন কি আছে যে আমরা ঘুরতে এসেছি? যাই হোক মোটামুটি একটা পথনির্দেশ নিয়ে স্টেশনের বাইরে এলাম। টোটো ধরে যেতে হবে। তাই এক টোটোর কাছে গেলাম। উনি জানতে চাইলেন প্রকাশ না প্রদীপ? আমরা বুঝতে পারলাম না কি জানতে চাইলেন। উনি জানতে চাইলেন আমরা ইউটিউব দেখে এসেছি কিনা। এ বার একটু বুঝতে পারলাম। এখানকার দু’জন ইউটিউব ভ্লগার নাম করেছেন। তাঁদের কাছে আমরা যাব কিনা সেটাই জানতে চাইছিলেন। ইতিমধ্যে অন্য একজন এসে টোটো দাদাকে খুব হম্বিতম্বি করে গেলেন। কেন এত কথা বলছেন আমাদের সঙ্গে? যেতে হলে উঠে পড়ুন টোটোয়। যাব তো বটেই। তা বলে একটু জেনে নেব না? তাঁর কিসের এত রাগ বুঝতে পারলাম না। টোটো ইউনিয়নের নব্য নেতা হতে পারেন। কিন্তু অতিথিদের সঙ্গে এ কেমন ব্যাভার! লোকজন তেড়ে এলে খুব মন খারাপ হয়। তাই পরস্পরকে ‘ইগনোর ইয়ার’ বলে সান্ত্বনা দিতে দিতে অন্য টোটোয় চেপে পড়লাম।

গ্রামের ভিতর যেতে যেতে গল্প চলছিল টোটোদাদার সঙ্গে। গ্রামের প্রকৃতি এখনও কিছুটা টিকে আছে। একেবারে সাধারণ একটা গ্রাম। প্রচুর চাষ হয়। স্কুল আছে। রাস্তা ভাল। দীপকদা নিমো গ্রামের সেই লেখকের কথা জিজ্ঞাসা করছিলেন টোটোচালককে। চালক চেনেন বললেন। লেখক বিদেশে থাকেন। তাঁদের বাড়িতে দুর্গাপুজো হয়। বাড়ি ফিরলে সেই অনাবাসী মানুষটি গ্রামের লোকজনকে নিয়ে ফিস্টি করেন। বুঝলাম, শিকড় ভোলেননি তিনি।
আমরা কী দেখতে এসেছি সেটা টোটোচালক কিছুতেই বুঝে উঠতে পারেননি। টোটো চলছিল সোজা। ইতিমধ্যে চাষের জমি, ছোটখাটো পাড়া, স্কুলের পাশ দিয়ে নিমো ছাড়িয়ে টোটো পৌঁছল ক্যাম্প নামের একটা জায়গায়। কেন ক্যাম্প নাম জানি না। জায়গা দেখে আহামরি কিছুই লাগলো না। ছোট বাজার মতো এলাকা। দু’চারটে দোকান। আর একটা ক্যানাল আছে। সে দিন গরম পড়েছিল বেশ। মজুত জল শেষ হয়ে গিয়েছে। ক্যানাল পাড়ে একটা ঠান্ডা জলের মেশিন ছিল। দীপু সেখানে জল আনতে গেছিল। এসে বলল, ওর নাকি শক লেগেছে। শুনে লোকজন হাসছিল। কে জানে? জল পেয়ে ডক্টর ঘাসপুস সালোকসংশ্লেষের চেষ্টা করছিল হয়ত।

আমাদের দেখা শেষ। টোটোকে অন্য পথে ফিরতে বলা হল। সেটি কিছুটা পাড়ার ভিতরের পথ। এক জায়গায় বেশ কয়েকটা খাটাল দেখতে পেলাম। টোটো দাদা বললেন, গ্রামে একটা দুগ্ধ সমবায় রয়েছে। আর্থ-সামাজিক ভাবে খারাপ নয় নিমোর অবস্থা।
নিমোয় কিছু আবিষ্কার করা যাবে না বুঝতে পারছিলাম। প্রাপ্তি বলতে নতুন একটা গ্রাম। আর সুন্দর কিছু গ্রামীণ দৃশ্য। ছোট বড় ঘরবাড়ি, চাষের সবুজ জমি, খামারে খড়ের গাদা, সারি সারি গাছপালা। সে সবই সঙ্গী করে ফিরছিলাম স্টেশনের দিকে। আমাদের নটিলাস অন্য বন্দরে ভেড়ানোর জন্য।
ছবি— ইন্দ্রজিৎ সাউ ও দীপশেখর দাস
(সমাপ্ত)




